সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর।
দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি সবার অধিকার প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব সবার। বৈশ্বিক প্রেক্ষাপটে মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টি মুখ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিষয়ে সতর্ক করে তারেক রহমান বলেন, একটি মহল বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বাস করে। নাগরিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও সরকার বদ্ধপরিকর।
শুভ জন্মাষ্টমীর অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের একপর্যায়ে নয়জন সেবায়েত ও পুরোহিতের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মতামত দিন