মাকে বেঁধে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার সৎ বাবা।
ধামরাইয়ে নিজের ১৪ বছর বয়সী সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে আজাহারুল ইসলাম ওরফে কাওছার (৩৬) নামে এক রংমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা এই ব্যক্তি ধামরাইয়ের কেলিয়া দক্ষিণ পাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে দুই সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ান আজাহারুল। মেয়েরা ঘুমিয়ে পড়লে রাত চারটার দিকে স্ত্রীর হাত-পা খাটের সঙ্গে বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে বড় মেয়ের কক্ষে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। পরে ছোট মেয়ে মায়ের বাঁধন খুলে দিলে মা বড় মেয়েকে উদ্ধার করেন। কিশোরী পরে জানায়, এর আগেও একাধিকবার সে একইভাবে ধর্ষণের শিকার হয়েছে।
ঘটনা জানাজানি হলে বুধবার সন্ধ্যায় বাসায় ফেরার সময় এলাকাবাসী আজাহারুলকে আটকে মারধর করেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। ভুক্তভোগীর মায়ের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়াও চলছে।

মতামত দিন