দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ ও জ্বালানির সংকট মোকাবিলায় নতুন কিছু উদ্যোগের কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, চলতি মাসের মধ্যেই পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে মানুষের দুর্ভোগ অনেকটা কমে আসবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিদ্যুৎ সরবরাহ বাড়াতে পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু করার বিষয়টিও তুলে ধরেন তিনি। তার আশা, কেন্দ্র দুটি চালু হলে শিল্পকারখানার পাশাপাশি আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যাও কমে আসবে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। ইউনিটটি চালু হলে অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড ওয়েল পরিশোধনের সক্ষমতা বাড়বে। এর মাধ্যমে বছরে ৪৫ লাখ টন ক্রুড ওয়েল রিফাইন করা সম্ভব হবে বলে জানান তিনি।
এদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদে সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলার স্থাপনে উৎসাহ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। কোনো প্রতিষ্ঠান বা গ্রাহকের নিজস্ব প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার তা ভালো দামে কিনে নেবে বলে জানান তিনি।
কাতারের সঙ্গে বাংলাদেশের জ্বালানি সরবরাহের চুক্তি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতির উন্নতি হবে। বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি সরকারও অনুভব করছে বলে জানান তিনি।

মতামত দিন