জাতীয়
ছবি: সংগৃহীত

জিরো পয়েন্ট-সদরঘাট সড়কে হকার বসানো বন্ধ, মতিঝিলে হবে নাইট মার্কেট।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিল এলাকায় অফিস শেষ হওয়ার পর হকারদের জন্য নির্দিষ্ট সময়ের বাজার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিকেল ৪টার পর সেখানে ‘নাইট মার্কেট’ চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার সকালে শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম জানান, হকারদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা করা হলেও রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কাউকে বসতে দেওয়া হবে না। যারা বর্তমানে ওই এলাকায় ব্যবসা করছেন, তাদের সময় থাকতে স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, সপ্তাহের সাত দিন শহরের সব জায়গায় হকার বসার সুযোগ দেওয়া সম্ভব নয়। তাই নির্ধারিত নিয়ম মেনে তাদের ব্যবসা পরিচালনা করতে হবে। মতিঝিলে অফিস সময় শেষ হওয়ার পর বিকেল ৪টা থেকে হকাররা নাইট মার্কেটে বসতে পারবেন। তবে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।

নগরীর পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে আবদুস সালাম বলেন, পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে। নগরকে আরও সবুজ করার পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক করেন ডিএসসিসি প্রশাসক। নগর পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

মতামত দিন