শেখ হাসিনাসহ ৩০ পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ।
শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ৩০ আসামিকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের আত্মসমর্পণের বিষয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বিশেষ আদালত এ আদেশ দেন। পলাতক আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ আরও অনেকে রয়েছেন।
এদিকে মামলায় গ্রেপ্তার ১০ আসামিকে এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে সাবেক মন্ত্রী দীপু মনি, হাসানুল হক ইনু ও শাহরিয়ার কবিরসহ অন্যরা ছিলেন। তবে অসুস্থতার কারণে সাংবাদিক ফারজানা রুপাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন ট্রাইব্যুনাল। মামলার নথিতে শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শামসুল হক টুকু, জিয়াউল আহসান, এ কে এম শহীদুল হক, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
প্রসিকিউশনের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে রাতে আসামিদের পারস্পরিক যোগসাজশে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে হেফাজতে ইসলামকে দমন ও নির্মূলের উদ্দেশ্যে অভিযান চালানো হয়। ওই অভিযানে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
মতামত দিন