কার্বন ট্রেডিং ও জলবায়ু অর্থায়নে জাতীয় কমিটি, নেতৃত্বে প্রধানমন্ত্রী।
কার্বন ক্রেডিটের ব্যবহার, কার্বন বাণিজ্য এবং জলবায়ু অর্থায়ন নিয়ে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত ও নীতিগত দিকনির্দেশনা দিতে নতুন একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। ২৫ সদস্যের এ কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘ন্যাশনাল কমিটি অন ক্লাইমেট ফাইন্যান্স’ (এনসিসিএফ) নামের এই কমিটি জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিটের ক্ষেত্রে দেশের দীর্ঘমেয়াদি লক্ষ্য, জাতীয় রূপকল্প এবং কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করবে। একই সঙ্গে এ-সংক্রান্ত জাতীয় নীতিগত দিকনির্দেশনাও দেবে তারা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সহ-সভাপতির দায়িত্বে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজকে সমন্বয়ক এবং পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন সদস্য হিসেবে রয়েছেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ স্থানীয় সরকার বিভাগ, পররাষ্ট্র, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, ভূমি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, শিল্প, বাণিজ্য, সড়ক পরিবহন ও মহাসড়ক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, নৌপরিবহন, রেলপথ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবরা কমিটির সদস্য হয়েছেন।
প্যারিস চুক্তির আর্টিকেল-৬ অনুসারে জাতীয় কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়নের কাঠামো তৈরি, অনুমোদন ও বাস্তবায়নের বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার দায়িত্বও থাকবে এনসিসিএফের। দেশে কার্বন ট্রেডিং পরিচালনার ক্ষেত্রে নীতিগত নির্দেশনা দেওয়ার পাশাপাশি ডেজিগনেটেড ন্যাশনাল অথরিটির কার্যক্রমও তদারক করবে কমিটি।
জলবায়ু অর্থায়ন নিয়ে বিভিন্ন নীতি, কৌশল ও নির্দেশিকা চূড়ান্ত করার কাজেও কমিটি ভূমিকা রাখবে। পাশাপাশি পুরোনো নীতিমালায় পরিবর্তনের প্রয়োজন হলে সংশোধনের সুপারিশ, আন্তর্জাতিক জলবায়ু তহবিল ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় এবং অর্থায়ন সংগ্রহের কৌশল নির্ধারণ করবে।
জলবায়ু অর্থায়নসংক্রান্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের পাশাপাশি বাস্তবায়ন কমিটি ও কারিগরি কমিটির কাজও তদারক করবে জাতীয় কমিটি। এসব কমিটির প্রতিবেদন পর্যালোচনা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে তৈরি হওয়া নীতিগত জটিলতা সমাধানের ক্ষমতাও দেওয়া হয়েছে এনসিসিএফকে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, কমিটির নিয়মিত সভা বছরে কমপক্ষে দুইবার করতে হবে। তবে প্রয়োজন বিবেচনায় যেকোনো সময় সভা ডাকার সুযোগ থাকবে। একই সঙ্গে প্রয়োজন হলে নতুন সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত বা কো-অপ্ট করার ক্ষমতাও রাখা হয়েছে।
মতামত দিন