১৩টি বড় ক্রয় প্রস্তাবে অনুমোদন, সার-ডাল-তেল থেকে এলএনজি ও সড়ক নির্মাণ।
দেশের বিভিন্ন খাতে সরকারি উন্নয়ন ও সরবরাহ কার্যক্রম এগিয়ে নিতে বড় অঙ্কের একাধিক ক্রয় প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৮তম সভায় মোট ১৩টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
সভায় অনুমোদনের জন্য সুপারিশ পাওয়া প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম ছিল ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই। মাধ্যমিকের নবম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সন, দাখিল এবং কারিগরি স্তরের বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের দুটি প্রস্তাবের মূল্য প্রায় ৭৩৯ কোটি ১৩ লাখ ২৩ হাজার ১৩৯ টাকা।
খাদ্যপণ্য সরবরাহের ক্ষেত্রেও নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় ৭৭ কোটি ৯০ লাখ টাকার এই ক্রয়ে প্রতি কেজির দাম পড়বে ৭৭ টাকা ৯০ পয়সা। সরবরাহের জন্য বঙ্গ মিলার্স লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া ২০ হাজার মেট্রিক টন বা ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার প্রস্তাবও সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এ ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬৭ কোটি ৭০ লাখ টাকা। প্রতি লিটারের দাম ১৮৩ টাকা ৮৫ পয়সা। সরবরাহকারী হিসেবে সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড ও শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম সুপারিশ করা হয়েছে।
বান্দরবানের সড়ক যোগাযোগ উন্নয়নেও বড় অঙ্কের দুটি কাজের প্রস্তাব রয়েছে। আজিজনগর-নাজিরাম ত্রিপুরাপাড়া-লামা (গাজালিয়া) সড়কের পিডাব্লিউ-০২ প্যাকেজের কাজের মূল্য প্রায় ১৯০ কোটি টাকা। এটি বাস্তবায়নে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
একই সড়কের পিডাব্লিউ-০৪ প্যাকেজে বিদ্যমান মাটির সড়কের ওপর নতুন নমনীয় পাকা সড়ক নির্মাণ করা হবে। এ কাজের প্রাক্কলিত চুক্তিমূল্য প্রায় ১৯৩ কোটি ৮৪ লাখ ১৩ হাজার ২৮ টাকা। কাজটি পেতে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে খুলনা বিভাগের বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর প্রকল্পে পাঁচটি নতুন ৩৩/১১ কেভি এমভিএ উপকেন্দ্র নির্মাণের প্রস্তাবও সভায় ওঠে। প্রায় ১৩৪ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার ২২৩ টাকার এ কাজের জন্য টিএসটিএল-এফওয়াইপি কনসোর্টিয়ামকে সুপারিশ করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে দুই দফায় টিএসপি সার আমদানির বিষয়েও সুপারিশ করা হয়। এক প্রস্তাবে ৪০ হাজার মেট্রিক টন দানাদার টিএসপি সার কেনা হবে। প্রতি টনের দাম ৮৯৪ মার্কিন ডলার এবং চুক্তিমূল্য প্রায় ৪৪০ কোটি ৯২ লাখ ৮ হাজার টাকা।
অন্য প্রস্তাবে একই প্রতিষ্ঠান থেকে আরও ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির কথা রয়েছে। সেখানে প্রতি মেট্রিক টনের দাম ৬৬৯ দশমিক ৬৩ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এদিকে ভোমরা স্থলবন্দরের কার্গো হ্যান্ডলিং কার্যক্রমের জন্য ম্যানুয়াল শ্রমিক সরবরাহে ঠিকাদার নিয়োগের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এ কাজ পেয়েছে বাগেরহাটের এম এ হাসেম অ্যান্ড সন্স।
স্বরাষ্ট্র খাতের গুরুত্বপূর্ণ অবকাঠামোর মধ্যে ঢাকায় র্যাব সদর দপ্তর নির্মাণের প্রস্তাবও সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। প্রকল্পে ১১ তলা ভবনের পাশাপাশি তিনটি বেজমেন্ট, গাড়ি পার্কিং, ম্যাগাজিন বা কোট ভবন, সাব-স্টেশন, পাম্প, পানি সরবরাহ ও বিতরণ ব্যবস্থা, অভ্যন্তরীণ সড়ক, কার ওয়াশ এবং বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাসহ বিভিন্ন স্থাপনা থাকবে। এ কাজের জন্য এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
জ্বালানি নিরাপত্তার বিষয়টিও ছিল বৈঠকের আলোচনায়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় আরামকো ট্রেডিং সিঙ্গাপুর, বিপি সিঙ্গাপুর ও ভিটল এশিয়ার কাছ থেকে এলএনজি আমদানির পৃথক প্রস্তাব এবং আরামকোর সঙ্গে বিদ্যমান স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় অতিরিক্ত এলএনজি সংগ্রহের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
বুধবার অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব পর্যালোচনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দরদাতাদের কাজ দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়।
মতামত দিন