২০২৭ দাখিল-আলিম পরীক্ষায় পরীক্ষক নিয়োগে ই-টিআইএফ হালনাগাদের নির্দেশ।
আগামী বছরের দাখিল ও আলিম পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষক ও প্রধান পরীক্ষক নিয়োগের জটিলতা এড়াতে শিক্ষকদের তথ্যভান্ডার হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ জন্য মাদ্রাসাগুলোকে শিক্ষকদের ইলেকট্রনিক টিচার্স ইনফরমেশন ফর্ম (ই-টিআইএফ) সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
বোর্ডের আওতাধীন দাখিল ও আলিম স্তরের সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে কোনো প্রতিষ্ঠানে কর্মরত নন—এমন শিক্ষকদের নাম ই-টিআইএফে থাকলে তা বাদ দিতে হবে। এর মধ্যে অবসরপ্রাপ্ত, মৃত্যুবরণকারী, অন্য প্রতিষ্ঠানে বদলি হওয়া, স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়া এবং বোর্ডের কালো তালিকাভুক্ত শিক্ষকরা রয়েছেন। একইভাবে প্রতিষ্ঠানে কর্মরত খণ্ডকালীন শিক্ষকদের নামও ই-টিআইএফ থেকে অপসারণ করতে হবে।
বোর্ডের মতে, শিক্ষকদের বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য সংশোধন না করলে উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক ও পরীক্ষক বাছাইয়ে সমস্যা তৈরি হয়। তাই ২০২৭ সালের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য সঠিক ও নির্ভুল ডাটাবেইজ প্রস্তুত করতে এখনই তথ্য হালনাগাদ করা প্রয়োজন।
এদিকে, যেসব শিক্ষক এখনো ই-টিআইএফের আওতায় আসেননি, তাদের তথ্যও দ্রুত অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে বোর্ড। এ কাজকে জরুরি হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
তবে ই-টিআইএফ সংশোধনের ক্ষেত্রে বোর্ড কার্যালয় থেকে কোনো সুযোগ দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ প্রতিটি মাদ্রাসাকেই নিজ উদ্যোগে তাদের ই-টিআইএফের তথ্য সংশোধন ও হালনাগাদ করতে হবে।
মতামত দিন