১৭২ কোটি টাকায় নির্মিত হবে র্যাবের নতুন সদর দপ্তর।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দপ্তর নির্মাণ প্রকল্পে বড় অঙ্কের ব্যয়ের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। দরপত্র প্রক্রিয়া শেষে ১৭১ কোটি ৯০ লাখ ৭ হাজার ৭৬৪ টাকার কাজটি এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কাজটির অনুমোদন দেওয়া হয়েছে। ‘র্যাব ফোর্সেস সদর দপ্তর নির্মাণ’ প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করবে গণপূর্ত অধিদপ্তর।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, ১৫ তলা ভবনের ভিত্তির ওপর ১১ তলা র্যাব সদর দপ্তর গড়ে তোলা হবে। এতে মহাপরিচালকের কার্যালয় ছাড়াও থাকবে তিনটি ভূগর্ভস্থ তলা ও নিচতলায় গাড়ি রাখার ব্যবস্থা।
শুধু সদর দপ্তরের মূল ভবন নয়, প্রকল্পের অংশ হিসেবে বেশ কিছু সহায়ক স্থাপনাও তৈরি করা হবে। এর মধ্যে থাকছে তিনতলা ম্যাগাজিন ও কোট ভবন, তিনতলা উপকেন্দ্র ভবন, গুদাম, পাম্প ও জলাধার এবং গভীর নলকূপ।
প্রকল্পে পানি সরবরাহ ও বিতরণ ব্যবস্থা, অভ্যন্তরীণ সড়ক, গাড়ি ধোয়ার স্থান, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এবং সালামি মঞ্চ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা, বহির্বৈদ্যুতিক সংযোগ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ এবং স্থানীয় নেটওয়ার্ক স্থাপনের কাজও করা হবে।
বৈঠক সূত্র জানায়, দরপত্রের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মূল্যায়ন কমিটি সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা হিসেবে এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডের নাম সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই প্রতিষ্ঠানটির অনুকূলে কাজ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
২০১৯ সালের ১৫ অক্টোবর একনেকের সভায় প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদিত হয়। সরকারি অর্থায়নে চলা প্রকল্পটির বাস্তবায়নকাল ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

মতামত দিন