রাজনীতি
ছবি: সংগৃহীত

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য চার সদস্যের একটি অনুসন্ধান কমিটিও গঠন করা হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, অনুসন্ধান কমিটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম। অভিযোগের বিভিন্ন দিক যাচাই করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করবে কমিটিটি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে অনুসন্ধান শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ ও বদলি, কেনাকাটাসহ বিভিন্ন কার্যক্রমে একটি সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই অভিযোগের ভিত্তিতেই চারজনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বেআইনি কাজ করিয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণ ও অর্থপাচারের অভিযোগ রয়েছে বলে দুদক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও অনুসন্ধানের আওতায় এসেছে।

এ ছাড়া তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নেওয়া হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখবে দুদক। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতেই এই অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে।

মতামত দিন