জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ দ্রুত এগোচ্ছে: সেতুমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ দ্রুত এগোচ্ছে। প্রকল্পের প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আগামী ডিসেম্বরের মধ্যে কাজের আরও বড় একটি অংশ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে প্রকল্প এলাকা পরিদর্শন ও দুটি সার্ভিস সেতু উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। সকাল ১০টায় ধউরমোড় থেকে আশুলিয়া পর্যন্ত নির্মিত দুই লেনের দুটি সার্ভিস সেতু সাধারণ যানবাহনের জন্য খুলে দেওয়া হয়।

প্রকল্পের সময়সীমা নিয়ে সেতুমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হওয়ার পর্যায়ে চলে আসবে। ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হলে পরবর্তী এক বছরে প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে আরও বড় অগ্রগতি সম্ভব হবে বলে জানান তিনি।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন শেখ রবিউল আলম। তিনি বলেন, বাংলাদেশ বিনির্মাণে চীনকে সঙ্গে নিয়ে কাজ করবে সরকার। চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী। তাদের আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগ দেশের অবকাঠামো খাতে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। এটিই চীনের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকার যানজট কমানো এবং রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ আরও দ্রুত করার লক্ষ্যেই নেওয়া হয় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। ২০২২ সালের ১২ নভেম্বর প্রকল্পটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল।

মতামত দিন