অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে স্বর্ণের নতুন দর কার্যকর হওয়ার মধ্যেই আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম উল্লেখযোগ্য হারে কমেছে। মঙ্গলবার বিশ্ববাজারে স্পট গোল্ডের মূল্য ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৯ দশমিক ২৪ ডলারে নেমে আসে।

১৯ আগস্টের পর এটিই স্বর্ণের সর্বনিম্ন দাম।

আন্তর্জাতিক বাজারের এই পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের বাড়তি সুদের হারকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা। সুদহার বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের কাছে কোনো সুদ না দেওয়া সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দামও ১ দশমিক ৪ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের ফিউচার মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৮ ডলারে।

এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে। দেশটির কর্মসংস্থান পরিস্থিতি শক্তিশালী নাকি দুর্বল—সেই তথ্য ফেডারেল রিজার্ভের পরবর্তী মুদ্রানীতি ও সুদের হার নির্ধারণে প্রভাব ফেলতে পারে। শ্রমবাজারের তথ্য প্রকাশের আগে তাই বৈশ্বিক বাজারে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা।

বাজারসংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি ইয়েল্ড বাড়লে সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আগ্রহ কমে যায়। সাম্প্রতিক সময়ে বন্ডের সুদহার বৃদ্ধির প্রভাবই স্বর্ণের দামে দেখা যাচ্ছে।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বাংলাদেশেও স্বর্ণের দামে নতুন পরিবর্তন এসেছে। দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় দেশের বাজারে নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বাজুসের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দর ঠিক করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি দোকানে নির্ধারিত নতুন মূল্য কার্যকর হয়েছে।

ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের পাশাপাশি দেশীয় বাজারেও মূল্যবান এই ধাতুটির দাম কমার নতুন চিত্র দেখা গেল।

মতামত দিন