আবহাওয়া
ছবি: সংগৃহীত

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দেশের কয়েকটি অঞ্চলে আবহাওয়ার অবনতি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা ঝোড়ো বাতাসের সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এ কারণে সম্ভাব্য দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এই সময়ের মধ্যে টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব এলাকায় বাতাসের সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। বিশেষ করে নদী ও উপকূলীয় এলাকার আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে নদীপথে চলাচলকারী নৌযানগুলোর জন্যও সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার মধ্যে নৌযান চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাত ১টা পর্যন্ত এসব অঞ্চলে সাময়িকভাবে ঝড়ো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই নদীবন্দরগুলোর পাশাপাশি নৌযান মালিক ও চালকদেরও আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুসরণ করে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন