লোডশেডিং সমন্বয় করে সারাদেশে বিদ্যুৎ পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জাহেদ উর রহমান।
দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে সাময়িক উল্লেখ করে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সংকটের কারণে সাময়িক কিছুটা ভোগান্তি হলেও এই কষ্ট দীর্ঘস্থায়ী হবে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটি ও সরবরাহ ব্যবস্থায় কিছু সমস্যার কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে এবং খুব দ্রুত আগের অবস্থায় ফেরার প্রত্যাশা রয়েছে।
তিনি জানান, সম্প্রতি গ্রামাঞ্চলে লোডশেডিং যেন সহনীয় মাত্রায় থাকে এবং কোনো একটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন না থাকে, সে লক্ষ্যেই বিদ্যুৎ পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা শহরের ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজনীয় মাত্রায় লোডশেডিং সমন্বয় করে সাশ্রয় হওয়া বিদ্যুৎ গ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটাতে সময়ের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, অর্থমন্ত্রী জানিয়েছেন, সমস্যার পুরোপুরি সমাধানে প্রায় দুই বছর সময় প্রয়োজন হতে পারে। তবে এর অর্থ এই নয় যে, দুই বছর পর গিয়ে বাংলাদেশ কয়েক বছর আগের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ফিরবে। তার আগেই পরিস্থিতির বড় ধরনের উন্নতি হবে বলে সরকার আশাবাদী।
দেশে আগে থেকেই লোডশেডিংয়ের বাস্তবতা ছিল উল্লেখ করে তিনি বলেন, অতীতে রাজধানী ও বড় শহরগুলোতে তুলনামূলকভাবে লোডশেডিং কম হতো। ফলে শুধু শহরকেন্দ্রিক বিদ্যুৎ সরবরাহের অবস্থাকে পুরো দেশের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিস্থিতি হিসেবে দেখানো সঠিক ছিল না।
জাহেদ উর রহমান বলেন, বর্তমানে সরকার যে সময়ের কথা বলছে, অর্থাৎ প্রায় দুই বছর, সেই সময়ের মধ্যে বিদ্যুৎ খাতের সক্ষমতা এমন পর্যায়ে নেওয়ার লক্ষ্য রয়েছে যাতে আগের তুলনায় আরও উন্নত সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা যায়।
তার প্রত্যাশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে উঠতে পারলে শহর ও গ্রামের মধ্যে সরবরাহের বৈষম্যও অনেকটাই কমবে। তখন দেশের প্রায় সর্বত্র নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে।
সবশেষে বর্তমান ভোগান্তিকে সংকটকালীন সাময়িক চাপ হিসেবে দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এই কষ্ট দেশের মানুষকে কমবেশি কিছুটা বহন করতে হবে। তবে পরিস্থিতি দীর্ঘ সময় এমন থাকবে না—এ বিষয়ে আশ্বস্ত থাকার পরামর্শ দেন তিনি।

মতামত দিন