সংসদ ভবনের সামনে ছিনতাই, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু; আটক ২।
চোখের চিকিৎসা করাতে ঢাকায় এসে প্রাণ হারানো বগুড়ার প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন রুলি (৫৫) হত্যার ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে মো. পনি ওরফে প্যারা পনি এবং তার এক সহযোগীকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর এ ঘটনায় তাদের ভূমিকা ও ছিনতাইয়ের পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে র্যাব। রোববার বিকেল ৪টায় মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। চোখের চিকিৎসার উদ্দেশ্যে স্বামী আব্দুল মতিনের সঙ্গে তিনি ঢাকায় এসেছিলেন।
শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন। তখনই ঘটে মর্মান্তিক ঘটনাটি।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছাকাছি পৌঁছানোর পর একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা রিকশাটির পেছন দিক থেকে শিক্ষিকার ব্যাগ টেনে নেওয়ার চেষ্টা করে। হঠাৎ টান দেওয়ায় ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান রনজিনা। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্বামী আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিনতাইকারীদের শনাক্তে তৎপরতা শুরু করে।
এরই মধ্যে শনিবার রাতে পনি ও তার সহযোগীকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব। তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববারের সংবাদ সম্মেলনে গ্রেপ্তারদের পরিচয়, ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং ছিনতাইয়ের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।
মতামত দিন