জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত সেবা আরও গোছানো করতে ঢাকায় পৃথক আবেদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। রাজধানীর বনানীতে আগামী ২ সেপ্টেম্বর থেকে নতুন এই কেন্দ্রের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন ব্যবস্থায় সাধারণ ভিসা এবং পাসপোর্ট ফেরত বা সংগ্রহের আবেদন আর সরাসরি দূতাবাসে নেওয়া হবে না। এসব কাজ নতুন ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।

কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি থাকবে ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩ ঠিকানায়।

তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার আবেদনকারীদের জন্য কোনো পরিবর্তন আসছে না। কূটনৈতিক নোটের ভিত্তিতে এসব ভিসার পাসপোর্ট গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং ভিসা ইস্যুর দায়িত্ব আগের মতোই দূতাবাসের কাছে থাকবে।

নতুন সেন্টারে আবেদন জমা দেওয়ার আগে অনলাইনে সময় নির্ধারণের ব্যবস্থা থাকবে। তবে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হবে এবং কখন থেকে বুকিং করা যাবে, সে বিষয়ে দূতাবাস আগামী ২৭ আগস্ট বিস্তারিত জানাবে।

ভিসার বাইরে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মতো সেবাগুলো আগের নিয়মেই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে নেওয়া যাবে।

কেন্দ্রটির দৈনন্দিন কার্যক্রমের সময়সূচি, আবেদন ফি, প্রয়োজনীয় নথি, আবেদন জমা দেওয়ার ধাপ এবং অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের আশা, পৃথক ভিসা কেন্দ্র চালুর ফলে আবেদনকারীদের কাজের প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে এবং ভিসা সংক্রান্ত সেবা পেতে তাদের সময় ও ভোগান্তি কমবে।

মতামত দিন