জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

সারের বাজার পরিস্থিতি নিয়ে কৃষকদের মধ্যে অস্থিরতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, দেশে প্রয়োজনের তুলনায় সারের সংকট নেই; বরং সংকটের কথা বেশি প্রচার করা হচ্ছে।

বুধবার (২৬ আগস্ট) লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। পরে সেখানে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সার সরবরাহের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

দুলু জানান, ইউনিয়ন পর্যায়ে সার বিতরণের পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য প্রতিটি ইউনিয়নে নতুন করে একজন ডিলার নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সার বিক্রির সঙ্গে যুক্ত খুচরা ব্যবসায়ীর সংখ্যাও বাড়ানো হবে।

সরকার কৃষকদের সুবিধার জন্য সারে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরবরাহব্যবস্থায় যাতে কোনো ধরনের জটিলতা না থাকে, সেদিকেই এখন গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে কোনো ডিলার সার গুদামজাত করে বাজারে সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাখা সার জব্দ করা হবে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

কৃষকের চাহিদা অনুযায়ী সার পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে জানিয়ে দুলু বলেন, গুজব বা অযথা আতঙ্কের কারণে সার কেনার জন্য বাড়তি চাপ তৈরি করার প্রয়োজন নেই।

হাসপাতাল পরিদর্শনের আগে ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোগীদের জন্য উন্নত খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন