নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত ১৭, নিখোঁজ ৩৮৪।
নেপালের দুই জেলায় আকস্মিক পাহাড়ি ঢলের ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া গেছে। নুয়াকোট ও ধাদিংয়ে এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে, নিখোঁজ ৩৮৪ জনের মধ্যে ৯৩ জন নেপালের নাগরিক। বাকি ২৯১ জন বিভিন্ন দেশের নাগরিক। তাদের পরিচয় ও অবস্থান শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।
বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। তালিকায় ১০৫ জন ভারতীয় নাগরিকের পাশাপাশি ৩৭ জন অনাবাসী ভারতীয়ের (এনআরআই) নাম রয়েছে। অর্থাৎ দুই শ্রেণি মিলিয়ে ১৪২ ভারতীয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজদের তালিকায় যুক্তরাজ্যের ১২ নাগরিকও রয়েছেন। এ ছাড়া ১৭ জন মালয়েশীয়, চারজন দক্ষিণ আফ্রিকান এবং তিনজন যুক্তরাষ্ট্রের নাগরিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের একজন করে নাগরিকও নিখোঁজ রয়েছেন।
তবে তালিকাভুক্ত আরও ১১১ জনের জাতীয়তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। অনুসন্ধান ও তথ্য যাচাই শেষ হলে এই সংখ্যা এবং নিখোঁজদের পরিচয়সংক্রান্ত তথ্য পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড।
বিদেশি নাগরিকের সংখ্যা বেশি হওয়ায় তাদের নিজ নিজ দেশের কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করে তথ্য সংগ্রহের প্রয়োজন হচ্ছে। বিশেষ করে ভারতীয়দের মধ্যে নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় পরিচয় নিশ্চিত ও অবস্থান জানতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বাড়তি তৎপরতা চালাতে হচ্ছে।
নেপাল ট্যুরিজম বোর্ড বলেছে, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমের পাশাপাশি নিখোঁজদের বিষয়ে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে হতাহত ও নিখোঁজ ব্যক্তিদের তালিকা সংশোধন করে জানানো হবে।
সূত্র: আনাদোলু ও বিবিসি
মতামত দিন