ইসলামাবাদে হাসপাতালে আগুন, প্রাণ গেল ১৪ নবজাতকের।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) কর্তৃপক্ষ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতালের এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় নবজাতকদের জন্য নির্ধারিত কক্ষে ১৬টি শিশু ছিল। অগ্নিকাণ্ডের পর একজনকে জীবিত অবস্থায় বের করে আনা সম্ভব হলেও বাকি ১৪ শিশু আগুনে সম্পূর্ণভাবে দগ্ধ হয়ে মারা যায়।
প্রাথমিক তদন্তে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসর বিস্ফোরণের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালের ওই অংশে আতঙ্ক তৈরি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ছয়টি ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করা হয়। উদ্ধার ও চিকিৎসা সহায়তার জন্য ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছিল।
জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য তদন্ত কমিটি করা হয়েছে। অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে গঠিত এই কমিটি আগুন লাগার কারণ, দুর্ঘটনার সময়কার পরিস্থিতি এবং ওয়ার্ডের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখবে।
সূত্র: রয়টার্স
মতামত দিন