বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলীয় পর্যায়ে কয়েকটি কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ১ সেপ্টেম্বর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো হবে।
বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানেই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের বিষয়টি জানান তিনি।
রিজভী জানান, ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ সেপ্টেম্বর একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
এ ছাড়া সেপ্টেম্বরের উপযুক্ত সময়ে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়ার কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিতে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল নেতৃত্ব দেবেন। একইভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবে দলটি; এতে নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আরও কয়েকটি আয়োজন যুক্ত হতে পারে বলে জানিয়েছেন রিজভী। এসব কর্মসূচির খসড়া প্রস্তুতের পর দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
যৌথসভায় কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ দায়িত্বশীলরা অংশ নেন। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারাও সভায় উপস্থিত ছিলেন।
মতামত দিন