সার বিক্রি নিয়ে খুচরা ব্যবসায়ীদের নতুন নির্দেশনা কৃষি মন্ত্রণালয়ের।
কৃষকদের কাছে রাসায়নিক সারের সরবরাহ স্বাভাবিক রাখতে খুচরা পর্যায়ের বিক্রেতাদের আগের মতোই কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অনুমোদিত ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করে তা সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করতে হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, খুচরা বিক্রেতাদের সার সরবরাহের জন্য অনুমোদিত মূল ডিলারদের ওপরই নির্ভর করতে হবে। ডিলারের কাছ থেকে সংগ্রহ করা সার কৃষকদের কাছে বিক্রির সময় সরকার নির্ধারিত মূল্য অনুসরণ করতে হবে।
সংশ্লিষ্টরা জানান, সার বিতরণ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বা বিঘ্ন তৈরি হলে কৃষকের প্রয়োজনীয় সার পেতে সমস্যা হতে পারে। এ কারণে খুচরা পর্যায়ে সরবরাহ কার্যক্রম চালু রাখার পাশাপাশি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে মাঠপর্যায়ে সার সরবরাহের ধারাবাহিকতা বজায় থাকবে এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার পাওয়ার প্রক্রিয়া স্বাভাবিক রাখার সুযোগ তৈরি হবে।

মতামত দিন