অর্থনীতি
ছবি: সংগৃহীত

আগস্টের ২৪ দিনেই রেমিট্যান্স এলো ২৩৪ কোটি ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

প্রবাসীদের পাঠানো অর্থে চলতি মাসেও শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। আগস্টের ১ থেকে ২৪ তারিখ পর্যন্ত বৈধ ব্যাংকিং ব্যবস্থায় দেশে এসেছে ২৩৪ কোটি মার্কিন ডলার।

বর্তমান বিনিময় হার অনুযায়ী, এই অর্থের পরিমাণ প্রায় ২৮ হাজার ৭২৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান খান মঙ্গলবার (২৫ আগস্ট) এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের আগস্টের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ২৫ দশমিক ৭০ শতাংশ। ২০২৫ সালের আগস্টের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি ১০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে এবার প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

শুধু আগস্ট নয়, নতুন অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্সের প্রবাহ ঊর্ধ্বমুখী। ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৫১৯ কোটি ৮০ লাখ ডলার।

গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪৩৩ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের ওই সময় পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯ দশমিক ৮ শতাংশ।

সংশ্লিষ্টদের মতে, বৈধ চ্যানেলে ডলার পাঠানোর ক্ষেত্রে স্থিতিশীল বিনিময় হার প্রবাসীদের উৎসাহিত করছে। পাশাপাশি অনানুষ্ঠানিক পথে অর্থ পাঠানো বা হুন্ডি ঠেকাতে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার হওয়ায় ব্যাংকিং ব্যবস্থায় রেমিট্যান্স আসার প্রবণতা বাড়ছে।

রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন