জাতীয়
ছবি: সংগৃহীত

আগামীকাল বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাওয়া এ অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ, কারণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তৃত আলোচনা ও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংবিধান সংশোধন, গণভোটের বিধান, সংসদীয় কমিটির কাঠামো এবং ‘জুলাই সনদ’ ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান এক নয়। এসব বিষয়ে নীতিগত পার্থক্য থাকায় অধিবেশন চলাকালে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক এবং তীব্র আলোচনা হতে পারে।

বিশেষ করে সংবিধানের কিছু ধারা পরিবর্তন কিংবা মৌলিক কাঠামো নিয়ে প্রস্তাব আসলে তা নিয়ে মতবিরোধ আরও স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। একইভাবে সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ এবং বিভিন্ন কমিটির নেতৃত্ব বণ্টন নিয়েও আলোচনা হতে পারে।

অধিবেশন শুরুর আগে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি নির্দিষ্ট এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংসদের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিবেশন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নির্দেশনা অনুসরণ করার অনুরোধও জানানো হয়েছে। পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে প্রশাসন।

মতামত দিন