অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের জুয়েলারি বাজারে আবারও স্বর্ণের মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে সবচেয়ে বিশুদ্ধ প্রচলিত মান ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে।

ফলে ভ্যাটসহ এক ভরি স্বর্ণালংকারের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, দেশের স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের মূল্য বাড়ার পরিপ্রেক্ষিতে বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের জুয়েলারি দোকানগুলোতে নতুন তালিকাই অনুসরণ করা হবে।

বর্তমান মূল্যতালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। ১৮ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকায়।

স্বর্ণের দাম বৃদ্ধির ধারাবাহিকতাও বেশ লক্ষণীয়। গত ২২ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা যোগ করা হয়েছিল। তার আগে ২০ আগস্টও দর বাড়ানো হয়। সব মিলিয়ে মাত্র তিন দফায় একই মানের স্বর্ণের ভরিতে মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছে।

তবে গয়না কেনার সময় ঘোষিত স্বর্ণের মূল্যের বাইরে নকশা, তৈরির ধরন ও কারিগরি কাজ অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। ফলে দোকানে কোনো অলংকার কিনতে গেলে চূড়ান্ত পরিশোধযোগ্য অর্থ নির্ধারণে এসব অতিরিক্ত খরচও বিবেচনায় নিতে হবে।

মতামত দিন