অর্থনীতি
ছবি: সংগৃহীত

একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর।

নিজেস্ব প্রতিবেদক:

পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা আগামী মাসের শুরু থেকে নিজেদের হিসাবের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এ ছাড়া আমানতের মুনাফা থেকে কোনো অর্থ কেটে নেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার সকালে ব্যাংকটির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানত থেকে মূল টাকা তুলতে পারবেন। গ্রাহকদের এই সুবিধা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, আমানতকারীদের মুনাফায় ‘হেয়ারকাট’ বা কোনো ধরনের কর্তন করা হবে না। জাতীয় সংসদে অর্থমন্ত্রী এ বিষয়ে ঘোষণা দিলেও গ্রাহকদের মধ্যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি থাকায় ব্যাংক কর্তৃপক্ষকে পরিষ্কারভাবে তা জানাতে বলেছেন গভর্নর।

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করার মাধ্যমে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ ডিসেম্বরের নীতিমালা অনুসারে এরই মধ্যে আমানত ফেরতের কার্যক্রম চালু রয়েছে। নতুন নির্দেশনার ফলে ব্যক্তিগত গ্রাহকদের জন্য অর্থ ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত হবে।

ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেও দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন গভর্নর। এ লক্ষ্যে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

মতামত দিন