সার ব্যবস্থাপনায় নতুন কমিটি, দায়িত্বে দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী।
দেশজুড়ে কৃষকদের কাছে সার পৌঁছানো এবং ডিলার নিয়োগের প্রক্রিয়া তদারকিতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে দুই মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের মঙ্গলবার (২৫ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে নতুন কমিটির গঠন ও দায়িত্বের বিষয়টি জানানো হয়।
তিন সদস্যের এই কমিটির নেতৃত্বে থাকবেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় সার উত্তোলন ও বিতরণ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে কমিটি। একই সঙ্গে সার ডিলার নিয়োগের প্রক্রিয়াও তদারকির আওতায় থাকবে।
কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়াও নতুন কমিটির অন্যতম দায়িত্ব। এ কমিটির কাজ পরিচালনায় সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, কমিটি গঠনের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
নতুন এই কাঠামোর মাধ্যমে সার সংগ্রহ থেকে শুরু করে কৃষকদের মধ্যে বিতরণ এবং ডিলার নিয়োগ পর্যন্ত পুরো ব্যবস্থার ওপর নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন