কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে ৩ লাখ ৬৫ হাজার টন সার কিনছে সরকার।
কৃষি খাতে প্রয়োজনীয় সার মজুত ও সরবরাহ নিশ্চিত করতে বড় অঙ্কের অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার সংগ্রহে ২ হাজার ৬৯৫ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৭৭ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে অনুমোদিত সারগুলোর মধ্যে রয়েছে ৭০ হাজার টন ইউরিয়া, ১ লাখ ১৫ হাজার টন এমওপি, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন টিএসপি। এসব সার সংগ্রহ করা হলে আগামী অর্থবছরে কৃষকদের প্রয়োজন অনুযায়ী সরবরাহ বজায় রাখা সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস থেকে ৪০ হাজার টন ইউরিয়া আমদানি করবে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা।
অন্যদিকে রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কেনার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। এ সার সংগ্রহে সরকারের ব্যয় হবে ১৬৬ কোটি ৪৩ লাখ টাকা।
সার আমদানির পাশাপাশি বৈঠকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এছাড়া মুরাই খালের ওপর ভেল্লাপাড়া সেতু নির্মাণে অতিরিক্ত ৭ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৮০৮ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর এখন সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে সার সংগ্রহের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
মতামত দিন