জাতীয়
ছবি: সংগৃহীত

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কক্সবাজারের কার্যক্রম শুরু হলে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সও এখান থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ পাবে। ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, কক্সবাজার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। তাই এখান থেকে সরাসরি আন্তর্জাতিক যোগাযোগ চালু করা গেলে পর্যটন খাতের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর বিষয়েও সরকারের প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানান মিল্লাত। আগামী ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তৃতীয় টার্মিনালের নির্মাণ ও পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানান তিনি। টার্মিনালটি চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বাড়ার পাশাপাশি সেবার মানও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবাকেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সৌজন্য সাক্ষাতে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় এম রশিদুজ্জামান মিল্লাতকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানান। সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্যান্য সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

মতামত দিন