রাজনীতি
ছবি: সংগৃহীত

দলের নাম ভাঙিয়ে চলাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী।

নিজেস্ব প্রতিবেদক:

দলীয় পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে না জড়িয়ে জনগণের পাশে থেকে গঠনমূলক কাজে যুক্ত হওয়ার জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে দলকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, দলীয় নাম ব্যবহার করে কেউ অপকর্মে যুক্ত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলের চেয়ারম্যান কঠোর অবস্থান নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং তাদের সমস্যা ও প্রয়োজনের পাশে দাঁড়াতে হবে। এতে দলের সঙ্গে মানুষের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুযোগও কমবে।

চলমান সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সংগঠনকে আরও সুসংগঠিত করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। নেতা-কর্মীদের শৃঙ্খলা বজায় রেখে এ প্রক্রিয়ায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সরকারের বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে নেতা-কর্মীদের সহযোগিতা করতে হবে। এসব উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে তাদের সক্রিয় থাকার কথাও বলেন তিনি।

বিএনপির জনপ্রিয়তার কারণ হিসেবে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করেন রিজভী। তার দাবি, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে নেওয়া পদক্ষেপের কারণে দলটি দীর্ঘদিন ধরে মানুষের সমর্থন পেয়ে আসছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, দলীয় প্রতীক না থাকায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

বিএনপির জনপ্রিয়তা নিয়েও নিজের বক্তব্য তুলে ধরে রিজভী দাবি করেন, বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রের পরও বিভিন্ন জরিপে দলটির জনপ্রিয়তা ৫৪ থেকে ৫৬ শতাংশের মধ্যে রয়েছে। তারেক রহমানের ব্যক্তিগত জনপ্রিয়তা ৬৫ থেকে ৬৬ শতাংশ বলেও দাবি করেন তিনি।

মতামত দিন