গান্ধীর ৬৮৮ হাতে লেখা বার্তা বিক্রি ১৬ কোটি ২০ লাখ রুপিতে, গড়ল বিশ্বরেকর্ড।
মহাত্মা গান্ধীর হাতে লেখা ৬৮৮টি ব্যক্তিগত ভাবনা ও বার্তার একটি দুর্লভ সংকলন নিলামে বিক্রি হয়েছে ১৬ কোটি ২০ লাখ রুপিতে। ভারতের মুম্বাইয়ে স্যাফরনআর্টের আয়োজিত নিলামে বিক্রি হওয়া এই সংগ্রহকে ভারতীয় ঐতিহাসিক নথির ক্ষেত্রে বিশ্বরেকর্ড হিসেবে উল্লেখ করেছে নিলামকারী প্রতিষ্ঠান।
‘আ থট ফর দ্য ডে’ নামে পরিচিত এই সংগ্রহের লেখাগুলো গান্ধী তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও স্বাধীনতা আন্দোলনের সহযোদ্ধা আনন্দ টি হিঙ্গোরানিকে উদ্দেশ করে লিখেছিলেন। ১৯৪৪ সালের ২০ নভেম্বর থেকে ১৯৪৬ সালের ১০ অক্টোবর পর্যন্ত প্রায় দুই বছরে এসব বার্তা লেখা হয়। পরে সেগুলো সংকলন করে বই আকারে প্রকাশ করা হয়।
হিঙ্গোরানির স্ত্রী বিদ্যার মৃত্যুর পর তিনি শোক ও একাকিত্বের মধ্যে ছিলেন। একই সময়ে কানে শোনার সমস্যার জন্য তিনি প্রাকৃতিক চিকিৎসা নিচ্ছিলেন। বন্ধুর কঠিন সময়ে তাকে মানসিকভাবে সাহস জোগাতেই গান্ধী নিয়মিত ছোট ছোট ভাবনা ও পরামর্শ লিখে পাঠাতেন।
বার্তাগুলোতে গান্ধীর চিন্তাধারার নানা দিক উঠে এসেছে। সত্য, অহিংসা, আত্মসংযম, সম্পদ-লোভ থেকে দূরে থাকা, নির্ভীকতা, ধর্মীয় সমতা, প্রার্থনা, সেবা, শ্রম, কর্তব্য, নীরবতা, বিবেক ও আত্মোপলব্ধির মতো বিষয় গুরুত্ব পেয়েছে।
স্যাফরনআর্টের নিলামে গান্ধীর ব্যক্তিগত সংগ্রহের আরও বেশ কিছু ঐতিহাসিক সামগ্রী বিক্রি হয়েছে। ‘মেসেজ অন গড’ নামে তিনটি পাণ্ডুলিপি ও চিঠির সংগ্রহ বিক্রি হয় ১ কোটি ৬৮ লাখ রুপিতে। তাঁর বহনযোগ্য চরকা ও চরকা ব্যবহারের আধ্যাত্মিক অনুশীলন নিয়ে লেখা দুটি চিঠির সংগ্রহ বিক্রি হয়েছে ১ কোটি ২ লাখ রুপিতে।
এ ছাড়া গান্ধীর লেখার সময় তোলা স্বাক্ষরযুক্ত একটি ছবি ৭৮ লাখ রুপি এবং অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে লেখা চিঠি, টেলিগ্রাম ও পোস্টকার্ডের সংগ্রহ ৫৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে। নিলামটি ‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অব আনন্দ টি হিঙ্গোরানি’ শিরোনামে মোট ৮৬টি সামগ্রী নিয়ে আয়োজন করা হয়।
তবে গান্ধীর ব্যক্তিগত লেখা ও ঐতিহাসিক সামগ্রী নিলামে বিক্রি হওয়া নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। দিল্লির ন্যাশনাল গান্ধী মিউজিয়াম মনে করছে, এ ধরনের মূল নথি শুধু ব্যক্তিগত সংগ্রহের বিষয় নয়; এগুলো ভারতের যৌথ ঐতিহাসিক ঐতিহ্যের অংশ।
নিলামে বিক্রি হওয়া ৬৮৮টি লেখা ভারতের মধ্যেই থাকবে বলে জানিয়েছে স্যাফরনআর্ট। ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।
মতামত দিন