ইরান যুদ্ধ শিগগির নতুন পর্যায়ে যেতে পারে: মাইক জনসন।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত শিগগিরই নতুন ধাপে প্রবেশ করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। তাঁর দাবি, পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রের মিত্ররাও সহযোগিতায় এগিয়ে আসবে এবং এর মাধ্যমে সংঘাতের অবসানের পথ তৈরি হতে পারে।
রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তনের দিকে যাচ্ছে এবং খুব শিগগিরই যুদ্ধের পরবর্তী পর্যায়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে।
ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও কথা বলেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সফল হয়েছে। তাঁর ভাষ্য, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনই ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোকে গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচনা করেছে।
জনসন আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে বড় সমস্যা হলো দেশটির প্রতিনিধিদের ওপর আস্থার ঘাটতি। আলোচনার টেবিলে থাকা ইরানিদের বিশ্বাস করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা প্রসঙ্গে জনসন দাবি করেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে বড় ধরনের আঘাত হেনেছে। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সাপের মাথা কেটে ফেলেছি।’
তবে সংঘাতের পরবর্তী ধাপে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে বা মিত্র দেশগুলো কীভাবে এতে যুক্ত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সূত্র: আল জাজিরা
মতামত দিন