আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মহারাষ্ট্রে নবজাতক পরিচর্যা কেন্দ্রে আগুন, প্রাণ গেল তিন শিশুর।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা কেন্দ্রে (এসএনসিইউ) আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে ভেন্টিলেটরে ত্রুটির পর আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৩টার দিকে এসএনসিইউর একটি ভেন্টিলেটর হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে ওয়ার্ডে আগুন ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। ওই সময় সেখানে চিকিৎসাধীন ছিল ৩৯ জন নবজাতক।

আগুনের খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তারা ঝুঁকি নিয়ে একে একে শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। এ সময় ছয় নবজাতকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জরুরি চিকিৎসার জন্য কাছের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।

তবে আগুন ও বিষাক্ত ধোঁয়ার কারণে তিন নবজাতককে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে যন্ত্রপাতির ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি

মতামত দিন