জাতীয়
ছবি: সংগৃহীত

মোটরযানের ফিটনেস-ট্যাক্স-রুট পারমিট হালনাগাদে সময় বাড়ল।

নিজস্ব প্রতিবেদক: 

মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের জন্য জরিমানা ছাড়ের সময় আরও বাড়িয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করেই এসব কাগজপত্র নবায়ন করা যাবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা পাওয়া যাবে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। সরকার জানিয়েছে, এটিই এ বিষয়ে শেষবারের মতো সময় বাড়ানো।

রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। এ সময়ে কোনো ধরনের অতিরিক্ত জরিমানা দিতে হবে না; সংশ্লিষ্টদের মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করলেই হবে।

নতুন সময়সীমা অবিলম্বে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন এতে স্বাক্ষর করেছেন।

সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নবায়নের সুযোগ পাবেন সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকেরা।

মতামত দিন