আবহাওয়া
ছবি: সংগৃহীত

উত্তাল হতে পারে সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত।

নিজস্ব প্রতিবেদক: 

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের প্রভাবে আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ার আভাস পাওয়া গেছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে সাগরও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এর কাছাকাছি উত্তর উড়িষ্যা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে বলা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) জারি করা আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানানো হয়।

লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সমুদ্রের পরিস্থিতিও স্বাভাবিকের তুলনায় বেশি উত্তাল হতে পারে।

এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখার পাশাপাশি সমুদ্রে থাকা সব ধরনের নৌযানকে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন