জাতীয়
ছবি: সংগৃহীত

যানজট সামলাতে ঢাকার আকাশে ড্রোন, আসছে নতুন নজরদারি ব্যবস্থা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর যানজটের কারণ দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে নতুন প্রযুক্তির সহায়তা নিতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এআই ক্যামেরার পাশাপাশি এবার পরীক্ষামূলকভাবে গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার ও যানজটপ্রবণ এলাকায় ড্রোন ব্যবহার করে নজরদারি চালানোর পরিকল্পনা করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, আকাশপথে পাওয়া সরাসরি তথ্যের মাধ্যমে কোনো এলাকায় হঠাৎ যান চলাচল ধীর হয়ে যাওয়ার কারণ দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে। বিশেষ করে ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তৈরি হওয়া জটের উৎস শনাক্ত করতে এ ব্যবস্থা কাজে লাগবে।

প্রাথমিকভাবে একটি ড্রোন দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। ড্রোনে ভয়েস কমিউনিকেশন ব্যবস্থা রাখা হবে। ফলে ট্রাফিক আইন ভঙ্গকারী কিংবা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করা চালকদের ঘটনাস্থল থেকেই সতর্ক করা সম্ভব হবে।

পরবর্তী পর্যায়ে ড্রোনে অটোমেটেড নম্বর প্লেট রিকগনিশন বা এএনপিআর প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এই প্রযুক্তি চালু হলে ড্রোনের ক্যামেরায় ধারণ করা দৃশ্য থেকে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করা সহজ হবে। তবে শুরুতেই স্বয়ংক্রিয়ভাবে মামলা করার ব্যবস্থা থাকছে না।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানিয়েছেন, ভিডিও ফুটেজ পর্যালোচনার পর কোনো যানবাহন বা চালকের বিরুদ্ধে আইন ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত নিয়মে ভিডিও মামলার ব্যবস্থা নেওয়া হবে।

ড্রোনভিত্তিক এই নজরদারি ব্যবস্থা চালাতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, ডেটা সংরক্ষণের সার্ভার এবং অন্যান্য কারিগরি অবকাঠামো প্রয়োজন হবে। এ কারণে প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত ব্যয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

এরই মধ্যে ড্রোন পরিচালনার জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। তেজগাঁও বিভাগের একটি দল প্রশিক্ষণ নিয়েছে। পর্যায়ক্রমে উত্তরা বিভাগসহ অন্যান্য ইউনিটের সদস্যদেরও এ কাজে দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে।

ডিএমপির প্রত্যাশা, সড়কের পাশাপাশি আকাশ থেকে পাওয়া তাৎক্ষণিক চিত্র ট্রাফিক নিয়ন্ত্রণে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। এতে যানজটের উৎস শনাক্তের সময় কমার পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখার কাজও আরও কার্যকর হতে পারে।

মতামত দিন