টোকিওসহ জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ৩৭।
মন্ত জাপানকে ভোরে হঠাৎ কাঁপিয়ে দিল শক্তিশালী ভূমিকম্প। রোববার স্থানীয় সময় ভোরে অনুভূত ৫ দশমিক ৯ মাত্রার এই কম্পনে টোকিওসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে। ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার নিচে এর উৎপত্তি হয়। কম্পনের পর অবশ্য সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
আহতদের মধ্যে সবচেয়ে বেশি ১৫ জন টোকিওর বাসিন্দা। এ ছাড়া সাইতামায় ৯, কানাগাওয়ায় ৮, চিবায় ৪ এবং ইবারাকিতে একজন আহত হয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই ভূমিকম্পের আকস্মিকতায় ঘুম থেকে উঠে পড়ে যাওয়া কিংবা ঘরের দরজা ও আসবাবের সঙ্গে ধাক্কা লেগে তারা আহত হন।
কানাগাওয়ার ইয়োকোহামায় ৮০ বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন। ভোরের সময় মানুষ ঘুমিয়ে থাকায় আকস্মিক কম্পনে বিভিন্ন এলাকায় আতঙ্ক তুলনামূলক বেশি ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের প্রভাব পড়েছে যোগাযোগব্যবস্থাতেও। টোকিও থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী রেলসেবার কিছু অংশে বিঘ্ন দেখা দেয়। রাজধানীর কয়েকটি এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের খবরও পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাপান সরকারও তৎপর হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিশেষ দল গঠন করে বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
জাপান নিয়মিতই ভূমিকম্পের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি। এর আগে গত মাসে কিউশুর কুমামতো অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পে ৩৮ জন নিহত এবং ৩৬৪ জন আহত হয়েছিলেন।
সূত্র: জাপান টাইমস
মতামত দিন