গার্ড অব অনারের মধ্য দিয়ে বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের।
শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক দায়িত্ব শুরু করেছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানানো হয়।
বঙ্গভবনের প্রধান ফটক-২ এলাকায় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়। পরে তাকে ক্রেডেনশিয়াল মাঠে নেওয়া হলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।
এরপর রাষ্ট্রপতি তার কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। প্রথম কর্মদিবসেই তিনি বিভিন্ন সরকারি নথিতে স্বাক্ষর করেন। পরে বঙ্গভবনের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে শপথ নেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
শপথের পর আজ বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু করার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক পর্বও শুরু করলেন মির্জা ফখরুল।

মতামত দিন