মদিনায় ওমরাহ যাত্রীদের জন্য জিয়ারাহ আরও সহজ করতে চালু হলো ই-বাইক সেবা।
মদিনায় ওমরাহ পালন ও ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার ক্ষেত্রে যাতায়াত আরও সহজ করতে চালু হয়েছে ই-বাইক সেবা। রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম কেয়ারিমের অ্যাপ ব্যবহার করে এই সেবা নেওয়া যাচ্ছে।
মসজিদে নববীর বিভিন্ন গেটের কাছাকাছি ই-বাইকের ডকিং স্টেশন রাখা হয়েছে। ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে কাছের বাইকের অবস্থান ও চার্জের মাত্রা দেখে নিতে পারেন। এরপর কিউআর কোড স্ক্যান করে বাইকটি আনলক করে যাত্রা শুরু করা যায়।
কেয়ারিমের এই সেবায় বর্তমানে দুটি প্যাকেজ রয়েছে। ২৪ ঘণ্টার জন্য বাইক ব্যবহারের খরচ ২৫ সৌদি রিয়াল। আর তিন দিনের ‘জিয়ারাহ পাস’ নিতে গুনতে হবে ৩৯ রিয়াল।
তবে প্রতিবার বাইক ব্যবহারের পর ৩০ মিনিটের মধ্যে নির্ধারিত ডকিং স্টেশনে সেটি ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের বেশি বাইক নিজের কাছে রাখলে অতিরিক্ত চার্জ দিতে হবে। একটি বাইক স্টেশনে জমা দেওয়ার পর চাইলে সঙ্গে সঙ্গেই আরেকটি বাইক আনলক করে যাত্রা চালিয়ে যাওয়ার সুবিধাও রয়েছে।
ই-বাইক ব্যবহার করে মদিনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে সহজে যাওয়া সম্ভব হচ্ছে। এর মধ্যে রয়েছে মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে গামামা, মসজিদে আবু বকর এবং উহুদ পাহাড়। ফলে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দেওয়া বা নির্দিষ্ট সময়সূচির বাসের ওপর নির্ভরতার বাইরে নতুন একটি পরিবহন সুবিধা পাচ্ছেন ওমরাহ যাত্রী ও পর্যটকেরা।
বিশেষ করে স্বল্প দূরত্বের একাধিক গন্তব্য ঘুরে দেখার ক্ষেত্রে বাইক সেবাটি সময় ও খরচ—দুই দিক থেকেই সুবিধাজনক হতে পারে। অ্যাপভিত্তিক ব্যবস্থাপনার কারণে বাইক খোঁজা, চার্জ পরীক্ষা এবং ব্যবহার শুরু করার পুরো প্রক্রিয়াটিও তুলনামূলক সহজ।
মদিনার গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থানগুলোকে কেন্দ্র করে পর্যটন ও ওমরাহ যাত্রা বাড়ার সময়ে এ ধরনের বিকল্প পরিবহন ব্যবস্থা দর্শনার্থীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় করতে ভূমিকা রাখতে পারে।
সূত্র: পুবের কলম
মতামত দিন