হরমুজকে ‘আমেরিকার ভূখণ্ড’ বললেন ট্রাম্প।
ইরানকে ঘিরে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ ক্যারোলাইনায় এক নির্বাচনী সমাবেশে তিনি কৌশলগত এই জলপথকে ‘আমেরিকার ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করেন।
শুক্রবার (২১ আগস্ট) মির্টল বিচে রিপাবলিকান প্রার্থী ডার্লিন গ্রাহামের পক্ষে প্রচারে অংশ নিয়ে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও ওয়াশিংটন আদৌ চুক্তি চায় কি না, সেটি নিয়েই এখন প্রশ্ন রয়েছে। এরপরই হরমুজ প্রণালি সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে সেটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দেখার কথা বলেন তিনি।
হরমুজ নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য অবশ্য নতুন নয়। এর আগেও তিনি প্রণালিটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে এটিকে আনুষ্ঠানিকভাবে মার্কিন ভূখণ্ড ঘোষণার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত সপ্তাহে তিনি বলেছিলেন, নৌ অবরোধের মাধ্যমে ওয়াশিংটন জলপথটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ধারণাটি তার পছন্দ।
এরই মধ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক চাপও অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্যমতে, অবরোধ কার্যকর করার সময় এ পর্যন্ত ৬৮টি বাণিজ্যিক জাহাজকে বিকল্প পথে সরিয়ে দেওয়া হয়েছে। আরও তিনটি জাহাজ অচল করা এবং দুটি জাহাজে তল্লাশি চালানোর কথাও জানিয়েছে মার্কিন বাহিনী।
সমাবেশে ইরানে নতুন করে হামলার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, শুক্রবার রাত এবং হাতে অনেক সময় রয়েছে—এরপর ইরানে আরও বোমা হামলা চালানোর কথা বলে রসিকতা করেন তিনি। ওই বক্তব্যের আগে তিনি নিজের প্রচার-সমাবেশের পরিচিত ‘দ্য স্নেক’ কবিতা পাঠের প্রসঙ্গ তুলেছিলেন।
ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে যায়। ফলে জলপথটিকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার প্রভাব পড়তে পারে।
এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। ট্রাম্প প্রশাসন একদিকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে হরমুজ ও দেশটির বন্দরগুলো ঘিরে সামরিক অবরোধ বজায় রেখেছে। তেহরানও ট্রাম্পের হরমুজ-সংক্রান্ত দাবিকে প্রত্যাখ্যান করেছে; ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এটিকে বিভ্রান্তিকর বক্তব্য হিসেবে অভিহিত করেছেন।

মতামত দিন