জাতীয়
ছবি: সংগৃহীত

কলেরা ঠেকাতে ৫১ লাখ মানুষকে মুখে খাওয়ার টিকা দিচ্ছে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় কলেরা সংক্রমণ নিয়ন্ত্রণে দুই ডোজের মুখে খাওয়ার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (২২ আগস্ট) থেকে নির্ধারিত এলাকায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন (পিওসিভি) দেওয়া হচ্ছে।

কর্মসূচিতে ৫১ লাখের বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা জানিয়েছে, এক বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এ টিকা নিতে পারবেন। তবে গর্ভবতী নারীরা কর্মসূচির আওতায় থাকছেন না। কলেরা প্রতিরোধে যোগ্য ব্যক্তিদের দুই ডোজ টিকা নেওয়া প্রয়োজন।

প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে ২২ আগস্ট থেকে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে।

টিকাদানের আওতায় রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের কয়েকটি এলাকা এবং কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নির্ধারিত উপজেলা। মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলায় এ কর্মসূচি চলবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও, খিলক্ষেত ও শেরেবাংলা নগর এলাকাও কর্মসূচির আওতায় রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এ কার্যক্রম বাস্তবায়ন করছে। কর্মসূচিতে গ্যাভি, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইএফআরসি, আইসিডিডিআর,বি এবং অন্যান্য উন্নয়ন ও বাস্তবায়ন সহযোগী সংস্থা সহায়তা দিচ্ছে।

টিকা নিতে আগ্রহী ও উপযুক্ত নাগরিকদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য আইডি (এনএইচআইডি) কার্ডও তৈরি করা যাবে, যা ভবিষ্যতে বিভিন্ন ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবহারে কাজে লাগবে।

কলেরা প্রতিরোধে টিকা নেওয়ার পাশাপাশি নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধিও মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

মতামত দিন