কলকাতার হোটেল অগ্নিকাণ্ড:দেশে ফিরল সাতক্ষীরার আলিমুজ্জামানের মরদেহ।
কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ বাংলাদেশে প্রবেশ করে।
ইমিগ্রেশনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আলিমুজ্জামানের প্রতিবেশী ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমানের চাচা ফজলুর রহমান।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আসরের নামাজের পর আলিমুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে কলকাতায় এখনো পড়ে রয়েছে কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্য এবং ঢাকার সাভারের আহমেদ বাবুর মরদেহ। হিমঘরে রাখা এসব মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকতা শেষ হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে আনার ব্যবস্থা করা হবে।
নিহতদের স্বজনদের কলকাতায় যাতায়াতের সুবিধার্থে বিশেষ পাসপোর্টের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী নিহত এক নারীর মরদেহ কলকাতার নিমতলা শ্মশানে সৎকারও সম্পন্ন হয়েছে।
গত বুধবার রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুন লাগে। ভয়াবহ ওই ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক ছিলেন। অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি রয়েছেন।
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহত বাংলাদেশিদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
মতামত দিন