জাতীয়
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পর সংসদ সদস্য পদ হারালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের বিধান অনুযায়ী তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনকে শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়।

শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

শূন্য আসনে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু করতে নির্বাচন কমিশন সচিবালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রজ্ঞাপনের একটি অনুলিপি পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি অবহিত করতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও প্রজ্ঞাপনের কপি পাঠানো হয়েছে।

আসন শূন্য হওয়ার বিষয়টি সরকারি গেজেটে প্রকাশের জন্য প্রজ্ঞাপনটি অবিলম্বে সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন মির্জা ফখরুল। পরে শুক্রবার বঙ্গভবনে শপথ নেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পরই সাংবিধানিক বিধান অনুযায়ী তার সংসদীয় আসনটি শূন্য হয়ে গেল।

মতামত দিন