রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮২।
রাজধানীতে অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানের সময় মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধের আলামত উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী অভিযানের তথ্য জানান।
ডিএমপির তথ্যমতে, সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে—১১৯ জন। এছাড়া মতিঝিল বিভাগ থেকে ৫৭ জন, তেজগাঁও থেকে ৫৬ জন, ওয়ারী থেকে ৫৫ জন, রমনা ও লালবাগ থেকে ৪৪ জন করে, উত্তরা থেকে ৫৯ জন এবং গুলশান থেকে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগে গ্রেপ্তার হয়েছেন আরও ৯ জন।
অভিযানে বিভিন্ন ধরনের মাদকও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩ হাজার ৯১৪টি ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন এবং ৩২ কেজি গাঁজা।
মাদক ছাড়াও একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, নয়টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, দুটি সিপিইউ, দুটি ট্যাব ও ৫৫টি সিমকার্ড উদ্ধার করেছে পুলিশ। অভিযানে নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত দিন