জাতীয়
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের অভিনন্দন।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন।

শুভেচ্ছাবার্তায় ড. ইউনূস মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন। তার ভাষ্য, পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মির্জা ফখরুল সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশেষ করে রাজনৈতিক সংকটের সময় নেতৃত্ব দেওয়া এবং তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে জাতীয় রাজনীতিতে আলাদা অবস্থান তৈরি করতে সহায়তা করেছে।

নতুন রাষ্ট্রপতির দায়িত্ব রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদকে আরও মর্যাদাপূর্ণ করবে বলে আশা প্রকাশ করেন ড. ইউনূস। তিনি মির্জা ফখরুলকে একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন।

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ড. ইউনূস বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে দেশ সমৃদ্ধি, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে আরও এগিয়ে যাবে—এটাই তার প্রত্যাশা। একই সঙ্গে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্যও কামনা করেন তিনি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে মির্জা ফখরুল এখন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।

মতামত দিন