শুক্রবার বঙ্গভবনে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল।
বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে শপথ নেবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এর এক দিন আগে, বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জয় পান মির্জা ফখরুল। প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হন।
নির্বাচনে বৈধ ভোট পড়ে ৩৪৩টি। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট, আর অলি আহমদ পান ৮৮ ভোট। ছয়জন সংসদ সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।
এর আগে বুধবার জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সম্ভাব্য সময়সূচি জানান।
প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত এবারের রাষ্ট্রপতি নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসেও আলাদা গুরুত্ব বহন করছে। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর আগে টানা কয়েকটি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি।

মতামত দিন