মির্জা ফখরুলকে ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচন আইন ও সংশ্লিষ্ট বিধিমালার ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তার ঘোষণার পরই প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। এর মাধ্যমে ভোটের ফল সাংবিধানিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিক রূপ পেল।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ভোটে ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন।
গণনা শেষে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ভোটের ফল ঘোষণার পরই নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। পরে নির্বাচিত রাষ্ট্রপতির স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধির আওতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এ নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াও সম্পন্ন হলো।

মতামত দিন