দুই মাসের শীর্ষে ওঠার পর বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম।
আন্তর্জাতিক বাজারে এক দিনের বড় উত্থানের পর বৃহস্পতিবার স্বর্ণের দর কিছুটা নেমে এসেছে। তবে পতন সত্ত্বেও মূল্যবান ধাতুটির দাম দুই মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৪ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৮ দশমিক ১৯ ডলারে দাঁড়ায়। এর আগে একপর্যায়ে দাম ৪ হাজার ৫২৫ দশমিক ৭৯ ডলারে উঠেছিল, যা গত ২ জুনের পর সর্বোচ্চ। বুধবার এক দিনেই স্বর্ণের দাম ৪ শতাংশের বেশি বেড়েছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম প্রায় স্থির থেকে ৪ হাজার ৫৪৬ দশমিক ৩০ ডলারের আশপাশে ছিল।
সাম্প্রতিক উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বন্ড বাইব্যাক কর্মসূচি বাড়ানোর ঘোষণা। দীর্ঘমেয়াদি সরকারি বন্ডের বাজারে তারল্য বাড়াতে এই পদক্ষেপ নেওয়ার পর মার্কিন ট্রেজারি ইয়িল্ড কমেছে। পাশাপাশি দুর্বল হয়েছে ডলারও। এসব পরিবর্তন সাধারণত সুদ না দেওয়া স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায়।
তবে এক দিনের বড় উত্থানের পর বিনিয়োগকারীদের একাংশ মুনাফা তুলে নেওয়ায় বৃহস্পতিবার স্বর্ণের দরে চাপ তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, ৪ হাজার ৪০০ থেকে ৪ হাজার ৫০০ ডলারের আশপাশের স্তর ধরে রাখতে পারলে স্বর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতা আবারও শক্তিশালী হতে পারে।
স্বর্ণের পরবর্তী গতিপথে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীতে মূল্যস্ফীতি নিয়ে নীতিনির্ধারকদের উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। কয়েকজন কর্মকর্তা প্রয়োজন হলে সুদের হার বাড়ানোর পক্ষেও মত দিয়েছেন। ফলে সামনে সুদের হার নিয়ে ফেডের অবস্থান কী হয়, সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
এদিকে বৈশ্বিক বন্ডবাজারেও সাম্প্রতিক অস্থিরতা স্বর্ণের বাজারকে প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ডের সুদহার কয়েক দশকের উচ্চতায় উঠেছিল। ট্রেজারির হস্তক্ষেপের পর সেই চাপ কিছুটা কমলেও বাজারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।
সূত্র: রয়টার্স
মতামত দিন