রাজনীতি
ছবি: সংগৃহীত

সাড়ে তিন দশক পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে চলছে ভোটগ্রহণ।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের।

রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। তবে একাধিক প্রার্থী থাকায় আইন অনুযায়ী ভোটগ্রহণের প্রয়োজন হয়েছে।

সংসদ সদস্যরা নির্ধারিত প্রক্রিয়ায় ব্যালট সংগ্রহ করে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিচ্ছেন। ব্যালটের নির্দিষ্ট অংশে প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর সেটি সংসদকক্ষে রাখা বাক্সে জমা দিতে হচ্ছে। ভোটের সময় কোনো ধরনের নির্বাচনী প্রচার বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই।

ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গণনা শুরু হবে। মোট কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ বা বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাবের পর প্রার্থীদের পাওয়া বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরপর নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছর রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দিয়েছিলেন। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে এবারের নির্বাচনকে প্রায় সাড়ে তিন দশক পর সংসদ সদস্যদের ভোটে অনুষ্ঠিত প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ১৩ আগস্ট দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এবং ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে উভয়ের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় ভোটগ্রহণের পথ তৈরি হয়।

মতামত দিন