জাতীয়
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫।

নিজেস্ব প্রতিবেদক:

হবিগঞ্জ মেডিকেল কলেজের আবাসিক হোস্টেলে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাতে শহরের অনন্তপুর এলাকার হোস্টেলে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের পর সেখানে উত্তেজনা তৈরি হয়।

ঘটনার সূত্রপাত নিয়ে শিক্ষার্থীদের ভাষ্য, তাফসির ও শরীফ উদ্দিনের মধ্যে সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। আগে থেকেই তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল বলে জানা গেছে। একপর্যায়ে বিষয়টি অন্য শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়।

সংঘর্ষের সময় লোহার রড, স্ট্যাম্পসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমিসহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তবে সংঘর্ষের কারণ নিয়ে ভিন্ন দাবিও এসেছে। আহত এক পক্ষের দাবি, ঘটনাটি কেবল সিনিয়র-জুনিয়র বিরোধের কারণে নয়; ছাত্রশিবির সমর্থিত কয়েকজন শিক্ষার্থী ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে এ অভিযোগের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন