জাতীয়
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে যান চলাচলের জন্য খুলছে কালুরঘাট-চাক্তাই চার লেনের মেরিন ড্রাইভ।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের কালুরঘাট থেকে চাক্তাই পর্যন্ত নির্মাণাধীন চার লেনের মেরিন ড্রাইভ সড়কটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে যান চলাচলের উপযোগী করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব হবে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্প পরিচালক প্রকৌশলী রাজীব দাস জানিয়েছেন, প্রায় সাড়ে ৯ কিলোমিটার দীর্ঘ সড়কটির ৯২ শতাংশ নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অবশিষ্ট অংশের কাজও ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

কর্ণফুলী নদীর পশ্চিম তীরে বাঁধের ওপর নির্মিত এই মেরিন ড্রাইভ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ২৭৫ কোটি টাকা। সড়কটি নির্মিত হলে নদীর তীরবর্তী এলাকার যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছে সিডিএ।

প্রকল্প পরিচালক জানান, কালুরঘাট শিল্প এলাকা থেকে রেলওয়ে সেতু পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশের জন্য সম্প্রতি জমি অধিগ্রহণ করা হয়েছে। কালুরঘাট সেতুর কাছেও আরও প্রায় ১০০ মিটার জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। নির্মাণকাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য সংশ্লিষ্ট জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় চাক্তাইয়ের কল্পলোক থেকে বলিরহাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি বাকলিয়া এলাকায় নদীর পাড় ঘেঁষে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাকে বিনোদন ও পর্যটনকেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা করেছে সিডিএ।

এই পরিকল্পনায় শাহ আমানত সেতু থেকে বলিরহাট পর্যন্ত ওয়াকওয়ে, শিশুদের জন্য বিনোদন সুবিধা এবং একটি রেস্তোরাঁ নির্মাণের বিষয় রয়েছে। ফলে সড়কটি শুধু যোগাযোগের নতুন পথ নয়, নগরবাসীর বিনোদনেরও একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠতে পারে।

নকশা অনুযায়ী, বাঁধের ওপর নির্মিত মেরিন ড্রাইভ হবে চার লেনের। সড়কের প্রস্থ প্রায় ৮০ ফুট এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা রাখা হচ্ছে ২৪ দশমিক ৫ ফুট। প্রকল্প বাস্তবায়নে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) নির্দেশনা এবং চট্টগ্রাম মহানগরের ১৯৯৫ সালের মাস্টারপ্ল্যান অনুসরণ করা হচ্ছে।

বর্ষাকালে জলাবদ্ধতা কমাতে প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিভিন্ন খালের মুখে ১২টি জোয়ার প্রতিরোধক রেগুলেটর ও পাম্প হাউস নির্মাণ করা হয়েছে। এগুলোর মাধ্যমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

২০১৯ সালের জুনে চাক্তাই খালের মোহনায় স্লুইসগেট নির্মাণের উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক কাজ শুরু হয়। পরে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত করা হয়েছিল। বর্তমানে শেষ পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরেই কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভে সব ধরনের যানবাহন চলাচলের সুযোগ তৈরি হবে।

মতামত দিন